জার্মানিতে কোমল পানীয়তে চাপছে ‘চিনি কর’, কার্যকর ২০২৭ সাল থেকে
জার্মানিতে আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে চিনিযুক্ত কোমল পানীয়ের ওপর নতুন কর কার্যকর হতে যাচ্ছে। সরকারের রাজস্ব বৃদ্ধি করার পাশাপাশি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে পানীয়তে চিনির পরিমাণ কমিয়ে স্বাস্থ্যকর বিকল্প তৈরিতে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
জার্মানির অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন জোট সরকার এই প্রস্তাব বাস্তবায়নে একমত হয়েছে। জার্মানির অর্থমন্ত্রী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা লার্স ক্লিংবাইলের উদ্যোগে দীর্ঘদিন ধরে ঝুলন্ত এই সিদ্ধান্তটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে।
সংবাদমাধ্যম আরএনডির প্রাপ্ত খসড়া অনুযায়ী, প্রতি ১০০ মিলিলিটার পানীয়তে কমপক্ষে ৫ গ্রাম চিনি থাকলে লিটারপ্রতি ২৬ সেন্ট কর ধার্য হবে। তবে চিনির মাত্রা ৮ গ্রাম বা তার বেশি হলে এই করের পরিমাণ বেড়ে দাঁড়িয়ে প্রতি লিটারে ৩২ সেন্টে পৌঁছাবে।
সরকারি প্রাক্কলন অনুযায়ী, নতুন এই কর খাত থেকে ২০২৭ সালে প্রায় ৬৯ কোটি ইউরো এবং ২০২৮ সাল থেকে বার্ষিক প্রায় ৯২ কোটি ৫০ লাখ ইউরো রাজস্ব আয় অর্জিত হতে পারে।
তবে প্রস্তাবটি ঘিরে জোট সরকারের ভেতর মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। জার্মান সম্প্রচারমাধ্যম এআরডি উল্লেখ করেছে, চলতি মাসের শুরুতে চ্যান্সেলরের দপ্তর লার্স ক্লিংবাইলের একটি প্রাথমিক প্রস্তাব স্থগিত করেছিল। কনজারভেটিভ সিডিইউ দলের কিছু আঞ্চলিক নেতা দাবি করেন, এই ব্যবস্থা ক্রেতাদের ওপর বাড়তি খরচের বোঝা চাপাবে এবং বাজারে অহেতুক সরকারি হস্তক্ষেপ বাড়াবে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যেখানে সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সর্বোচ্চ ২৫ থেকে ৫০ গ্রাম চিনি গ্রহণের পরামর্শ দেয়, সেখানে জার্মানির পুরুষরা দৈনিক গড়ে ৭৮ গ্রাম এবং নারীরা ৬১ গ্রাম চিনি গ্রহণ করেন। অন্যান্য খাবারের চিনি হিসাব করলে এই পরিমাণ দিনে ১০০ গ্রাম পর্যন্ত ছাড়িয়ে যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











