ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

১৪ অক্টোবর ২০২৬ - ১৭:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ছবি সংগৃহীত

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা সুসংহত করতে এসব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি ‘জাতীয় কমিটি’ গঠনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, প্রতিনিধি সমন্বয়ে এমন একটি রূপরেখা তৈরি করা গেলে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর নানা সমস্যা, দাবি ও অভাব-অভিযোগ সরকারের নিকট সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা সহজ হবে।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের’ সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথেরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মত ব্যক্ত করেন। বৈঠকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সন্তানদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অধিক মনোযোগী হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। শিক্ষায় যেন কেউ পিছিয়ে না পড়ে, সে জন্য সম্প্রদায়ের শিক্ষিত ও গুণী ব্যক্তিদের জোরালো ভূমিকার আহ্বান জানান তিনি।

​আলোচনায় প্রতিনিধিদলের সদস্যরা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ঐতিহ্য এবং বিদ্যমান নানা সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলার পাশাপাশি সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে আশ্বাস দেন।

​ইতোমধ্যে আগামী নভেম্বরে বাসাবোর কমলাপুরস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত হতে যাওয়া 'কঠিন চীবরদান' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি সাগ্রহে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেন।

​সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধিদলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতিম বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সচিব রণজিৎ কুমার বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সভাপতি ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দিলীপ কুমার বড়ুয়া, বাসাবো ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ সুমিত্তানন্দ ভিক্ষু (অনুপম বড়ুয়া) এবং রীটন কান্তি বড়ুয়া (স্বরূপানন্দ ভিক্ষু)।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0