এলপিজির কমিশন বাড়ানোর ইস্যুতে বিইআরসির আশ্বাস, ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীদের পক্ষ থেকে ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান জানান, বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে গত দুই দিনে তাদের কয়েক দফা বৈঠক হয়েছে। সর্বশেষ আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত বৈঠকে বিইআরসি চেয়ারম্যান আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে তাদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের স্পষ্ট আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতেই তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। সেই সাথে ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেন জ্বালানি মন্ত্রী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











