বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা: নেই শাই হোপ-আলজারি জোসেফ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তবে ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাননি পেসার আলজারি জোসেফ ও সাদা বলের অধিনায়ক শাই হোপ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অতিরিক্ত চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই তাকে এই সফর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, টানা তিন সংস্করণে ক্রিকেট খেলার ক্লান্তি ও ধকল সামলাতে শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে তার ওপর থেকে কাজের চাপ কমাতে চায় বোর্ড। আলজারির স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার কিমো পল।
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। ক্যাম্পবেলের অনুপস্থিতিতে সেবার সুযোগ পাওয়া কার্ক ম্যাকেঞ্জি কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই দল থেকে বাদ পড়েছেন।
অন্যদিকে, ক্যারিবীয়দের ঘরোয়া চার দিনের আসর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহাম। বার্বাডোজের হয়ে টানা তিন ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে এবং ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৫ ম্যাচে ৪০.৮৮ গড় এবং ছয়টি সেঞ্চুরি।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের এটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। বর্তমানে পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে থাকা ক্যারিবীয় দল বাংলাদেশ সফরে সিরিজ জিতে নিজেদের অবস্থান উন্নত করতে চায়। প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, পয়েন্ট তালিকার প্রথমার্ধে থাকার লক্ষ্য পূরণে বাংলাদেশের মাটিতে এই চ্যালেঞ্জিং সিরিজ জয়ের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আগামী ২৮ অক্টোবর ঢাকার মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ সফরকারী ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











