সাত মাসে বিদেশে ৪.৩২ লাখ কর্মী, রেমিট্যান্স ২৪.৭৫ বিলিয়ন
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর—এই সাত মাসের কিছু বেশি সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। একই সময়কালে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
বিদেশে কর্মসংস্থান ও নারী শ্রমিক
বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি কর্মী। তাদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন।
বিমানবন্দরে হয়রানি বন্ধ ও প্রশাসনিক স্বচ্ছতা
সংসদীয় কমিটি বিদেশে গমনকারী এবং ফেরত আসা প্রবাসী কর্মীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার তাগিদ দিয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধ করে স্বচ্ছতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
ইরান থেকে আটকে পড়া প্রবাসীদের প্রত্যাবর্তন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ আটকে পড়া মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
রিক্রুটিং এজেন্সির পরিসংখ্যান
বর্তমানে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি, যার মধ্যে সক্রিয় রয়েছে ২ হাজার ১৮৭টি। এসব বৈধ এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমেই মূলত বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম, আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











