এসএ-টোয়েন্টি নিলামে অবিক্রীত নাহিদ রানা, খেলবেন রিশাদ
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গতি ও ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তাকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল অনেক। ধারণা করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘এসএ-টোয়েন্টি’র নিলামে কাড়াকাড়ি পড়ে যাবে এই স্পিডস্টারকে নিয়ে। তবে শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলেনি।
বুধবার অনুষ্ঠিত টুর্নামেন্টের নিলামে অবিক্রীত থেকে গেছেন নাহিদ রানা। এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে নাম ছিল এই গতি তারকার।
প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদের ইতিহাস গড়ার সুযোগ
আগামী ২০২৭ সালের ১৭ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত গড়াবে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পঞ্চম আসর। টুর্নামেন্টের আগের চার আসরে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের মূল একাদশে মাঠে নামার সুযোগ হয়নি। যদিও গত আসরের নিলাম থেকে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে ভিড়িয়েছিল ডারবান সুপার জায়ান্টস, তবে ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
তবে এবার প্রথম বাংলাদেশি হিসেবে এসএ-টোয়েন্টির মঞ্চ মাতাতে প্রস্তুতি নিচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। নিলামের বেশ আগেই, গত আগস্টে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ সরাসরি চুক্তিতে রিশাদকে নিজেদের স্কোয়াডে যুক্ত করে। একই প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক টি-টুয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে টেনেছিল তারা।
তারকাখচিত সানরাইজার্স ইস্টার্ন কেপ
এসএ-টোয়েন্টির এ পর্যন্ত অনুষ্ঠিত চার আসরের তিনটিরই শিরোপা ঘরে তুলেছে শক্তিধর সানরাইজার্স ইস্টার্ন কেপ। এবারও রিশাদের দলটির স্কোয়াড বেশ তারকাবহুল। ইস্টার্ন কেপে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের—যাদের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, আনরিখ নর্কিয়া, ত্রিস্তান স্টাবস, ম্যাথু ব্রিটসকে ও অ্যাডাম মিলনে। এছাড়া ড্রাফট থেকেও নন্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনের মতো আন্তর্জাতিক পেসারদের কিনে দল আরও শক্তিশালী করেছে তারা।
দেশের বাইরের ঘরোয়া লিগগুলোর মধ্যে এর আগে পাকিস্তানের পিএসএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে রিশাদের। এবার প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়ার হাতছানি তার সামনে। তবে চূড়ান্তভাবে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি সংগ্রহ করতে হবে এই লেগিকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











