মোহাম্মদপুরে মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার ঘটনা: রিহ্যাব সেন্টারের ২ কর্মী আটক

০৮ অক্টোবর ২০২৬ - ১২:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মোহাম্মদপুরে মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার ঘটনা: রিহ্যাব সেন্টারের ২ কর্মী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাসা থেকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন—উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টার’-এর কর্মী মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) এবং মো. আমিনুর ইসলাম (৪২)। বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

​ঘটনার বিবরণ

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর থানার স্যার সৈয়দ রোডের একটি আবাসিক ভবনে প্রবেশ করেন ৪-৫ জন ব্যক্তি। তাঁরা ওই ভবনের একটি ফ্ল্যাটের বাসিন্দা সিপার মোস্তফাকে (৬৩) জোরপূর্বক হাতকড়া পরিয়ে নিচে নামান এবং একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ভবনের অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

​ঘটনার নেপথ্য ও পুলিশি তদন্ত

ঘটনার পর অনুসন্ধানে পুলিশ জানতে পারে, ৬৩ বছর বয়সী সিপার মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর পরিবারের সদস্যরা আলাদা স্থানে বসবাস করেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় ছোট ভাই সাবির মোস্তফা তাঁকে চিকিৎসার জন্য উত্তরার লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। পুলিশ আরও জানায়, এর আগেও ২০২১ সালে তাঁকে চিকিৎসার উদ্দেশ্যে ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছিল।

​পরে উত্তরা পশ্চিম থানার মাধ্যমে যোগাযোগ করে সিপার মোস্তফাকে চিকিৎসার জন্য রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

​আইনি এখতিয়ার ও পুলিশি পদক্ষেপ

বেসরকারি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্মীদের হাতকড়া ব্যবহারের আইনি অধিকার রয়েছে কি না—এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক ডা. মো. জসিম উদ্দীনের কাছে জবাব চায় পুলিশ। তবে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কেবল জানান, কিছু মাদকাসক্ত রোগীকে কেন্দ্রে আনার সময় মাঝেমধ্যে তাঁরা হাতকড়া ব্যবহার করে থাকেন।

​আইনবহির্ভূতভাবে হাতকড়া ব্যবহারের বিষয়টির সতত্য মেলায় অভিযুক্ত দুই কর্মীকে আটক করা হয় এবং অপরাধে ব্যবহৃত হাতকড়াটি জব্দ করে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0