আর্জেন্টিনার কাছে হারের পর ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপের সিদ্ধান্ত বুরকিনা ফাসোর, ফিফার নিষেধাজ্ঞার হুমকি

০৮ অক্টোবর ২০২৬ - ১১:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আর্জেন্টিনার কাছে হারের পর ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপের সিদ্ধান্ত বুরকিনা ফাসোর, ফিফার নিষেধাজ্ঞার হুমকি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে বিপর্যস্ত হওয়ার পর এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে। সফর ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলার জেরে দেশের ফুটবল ফেডারেশনের প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি নিজেই সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত স্পষ্ট করেছেন। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম ও ফরাসি গণমাধ্যম 'আরএমসি'-র প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

​প্রতিবেদন অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার ঠিক আগমুহূর্তে জাতীয় দলের ফ্লাইট বিলম্বিত হয়। এই প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদে বুরকিনা ফাসোর মূল সারির তারকা ফুটবলাররা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন। পরিস্থিতি সামাল দিতে একঝাঁক তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়কে মাঠে নামাতে বাধ্য হন দলটির কোচ। যার খেসারত হিসেবে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে গোলের বন্যায় ভেসে যেতে হয় আফ্রিকান দলটিকে।

​এমন চরম বিব্রতকর পরিস্থিতির পর বুরকিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে জাতীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ফুটবল ব্যবস্থাপনা ঢেলে সাজানোর ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, "আমাদের ফুটবল অঙ্গন নানা জটিলতায় জর্জরিত। ফুটবল খাতে পুনরায় বড় কোনো বিনিয়োগ করার আগে এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি। ফুটবলের সঠিক শৃঙ্খলা ফেরাতে চলতি সপ্তাহেই আমাদের অত্যন্ত কঠোর ও নজিরবিহীন পদক্ষেপে যেতে হতে পারে।"

​অনুষ্ঠানে পাশে বসা বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের সভাপতিকে সরাসরি উদ্দেশ্যে করে ট্রাওরে আরও বলেন, সচরাচর সরকার ফুটবল প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে নাক গলায় না। কিন্তু দেশের ফুটবলের মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনের স্বার্থে এবার হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

​ফিফা তাদের আইন অনুযায়ী জাতীয় ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমে সরকারের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করে না। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬২তম স্থানে থাকা দেশটির রাষ্ট্রপ্রধানের এই সরাসরি অবস্থানের কারণে শেষ পর্যন্ত বুরকিনা ফাসো আন্তর্জাতিক ফুটবলে সাময়িক বা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার চড়া মাশুল গুনতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0