আফগান লিগে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে ‘অতি সতর্ক’ ইসিবি
প্রস্তাবিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদানের বিষয়টি ‘অতি সতর্কতার’ সাথে বিবেচনা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন লর্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে ইসিবির এই অবস্থানের কথা তুলে ধরেন।
আফগানিস্তানের তালেবান সরকারের নারী নীতি ও নারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে দীর্ঘদিন ধরে দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বয়কট করে আসছে ইংল্যান্ড। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আফগান লিগে ইংলিশ ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হতে পারে—এমন খবরে যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য টোনিয়া আন্তোনিওসি বিষয়টির কঠোর সমালোচনা করে ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিণতি সম্পর্কে ভাবার আহ্বান জানান।
লর্ডসের অনুষ্ঠানে বক্তৃতাকালে ইসিবি প্রধান রিচার্ড থম্পসন স্পষ্ট করেন যে, বাণিজ্য নিয়ন্ত্রণসংক্রান্ত আইন অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ ছাড়া পেশাদার ক্রিকেটারদের কর্মসংস্থানের সুযোগে বাধা দেওয়ার সুযোগ তাদের নেই। তবে এপিএল প্রসঙ্গে তিনি বলেন, এনওসি চেয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তাদের কাছে আসেনি। যদি আসে, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতি সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবে বোর্ড।
আয়োজন ঘিরে সংশয়
এপিএল কর্তৃপক্ষের তথ্যমতে, আগামী ২৪ অক্টোবর প্রস্তাবিত এই লিগের ড্রাফট বা খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে পারে, যেখানে নাম নিবন্ধন করেছেন ১২ জন ইংলিশ ক্রিকেটার। প্রথম আসরটি আগামী বছরের ২৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে ক্রীড়া গণমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সূচি চূড়ান্ত হলেও ফ্র্যাঞ্চাইজি সংকটই টুর্নামেন্টটি শুরুর মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। ঘোষিত পাঁচটি দলের মধ্যে এখন পর্যন্ত মাত্র তিনটির মালিকানা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি দুটি দলের ক্রেতা না পাওয়ায় পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় ঝুলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











