সিলেটে বাটলারের ট্যালেন্ট হান্ট: নারী ফুটবলে নতুন মেধা খোঁজ
বাংলাদেশ নারী ফুটবল দলের ভিত্তি আরও মজবুত করতে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে বিশেষ পদক্ষেপ নিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলার। আগামী শনিবার ও রবিবার সিলেটে দুই দিনব্যাপী ‘ট্যালেন্ট হান্ট’ প্রোগ্রাম পরিচালনা করবেন তিনি।
এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় নারী ফুটবলার খুঁজে বের করা। বিশেষ করে জাতীয় অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য নতুন খেলোয়াড়দের পাইপলাইন তৈরি করতেই এই উদ্যোগ। দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রমে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ফুটবলাররা নিজেদের স্কিল প্রদর্শনের সুযোগ পাবেন।
বাংলাদেশে নারী ফুটবলে দীর্ঘদিন ধরে এ ধরনের সুনির্দিষ্ট প্রতিভা অন্বেষণ কর্মসূচি নিয়মিত হচ্ছে না। বিশেষ করে ঢাকার বাইরে বয়সভিত্তিক পর্যায় থেকে নতুন খেলোয়ার উঠে আসার সুযোগও বেশ সীমিত। এর পাশাপাশি নিয়মিত ঘরোয়া নারী লিগ না হওয়া ও প্রতিযোগিতার মানের নানা ঘাটতির কারণে নতুন ফুটবলার উঠে আসার পথ কঠিন হয়ে পড়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতেই নিজস্ব ভাবনায় ট্রায়ালের উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ কোচ বাটলার।
পূর্বে আফ্রিকায় অবস্থানকালে এ ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পিটার বাটলারের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের তৃণমূল এলাকা থেকেও দক্ষ ফুটবলারদের মূলধারায় আনতে চান তিনি। সিলেটের এই আয়োজনে স্থানীয় ও আশপাশের এলাকার উদীয়মান নারী ফুটবলাররা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











