হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা ও যুদ্ধবিরতির শর্ত
পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা এবং চলমান যুদ্ধ বন্ধে নিজেদের স্পষ্ট শর্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে এই প্রণালিতে নৌযান চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণের লক্ষ্যে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আলোচনার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই নৌপথে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তেহরানের অবস্থান পরিষ্কার। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে অন্য পক্ষের প্রস্তাবগুলোর চূড়ান্ত জবাব দেওয়া হবে।
কূটনৈতিক আলোচনার অগ্রগতি নিয়ে ইরানি এই কর্মকর্তা জানান, ওমানের সঙ্গে তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ভৌগোলিক সীমারেখা নিয়ে একমত হয়েছে।
এই যৌথ সিদ্ধান্ত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কীভাবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে, তা নিয়েও উভয় পক্ষের মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। শিগগিরই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ সংক্রান্ত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে বলে আশা ব্যক্ত করেন বাঘেই।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালির নিরাপত্তা ও নির্বিঘ্ন জাহাজ চলাচল নিশ্চিতকরণের এই সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











