নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

০৯ অক্টোবর ২০২৬ - ১০:৫৪
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
ছবি সংগৃহীত

আগামী নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে দুই দেশের মধ্যে 'ফলপ্রসূ আলোচনা' চলছে বলেও দাবি করেছেন তিনি।

​বৃহস্পতিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা এগোচ্ছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনো সময়েই ইরানে হামলা চালাব না।"

​চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সংঘাত শুরু হয়। কয়েক মাস ধরে চলা এ যুদ্ধ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ জনপ্রিয়তায় চাপ সৃষ্টি করেছে। আগামী নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ক্ষমতাসীন রিপাবলিকান দলের জন্যও এই যুদ্ধ নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

​সাম্প্রতিক রয়টার্স/ইপসোস-এর এক জরিপের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ নাগরিক ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের গৃহীত পদক্ষেপের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। অসন্তুষ্টদের মধ্যে প্রতি চারজন রিপাবলিকান সমর্থকদের একজন রয়েছেন। এ যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে, যেখানে ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার খরচ।

​প্রেসিডেন্ট ট্রাম্প বারবার আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের পর তেলের দাম কমবে, তবে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তিনি প্রকাশ্যে তুলে ধরেননি।

​সংঘাত নিরসন এবং বিশ্ব বাণিজ্য চলাচলের গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালি' পুনরায় চালুর লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরান একে অপরের কাছে একাধিক প্রস্তাব পাঠিয়েছে। তবে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

​অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের বরাতে জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা কিংবা নিজেদের ইউরেনিয়ামের মজুত অন্য দেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে সম্মত নয় তেহরান। এর কিছুদিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন, সংঘাত থামাতে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।

​দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা মিত্ররা অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান সব সময়ই এই অভিযোগ অস্বীকার করে তাদের কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0