আই অ্যাম গেম' সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
মালয়ালম অভিনেতা দুলকার সালমান অভিনীত নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা 'আই অ্যাম গেম' সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে মুক্তির পর এটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। সিনেমাটির এমন ফলাফলের পর এর প্রযোজনা প্রতিষ্ঠান 'ওয়েফেয়ার ফিল্মস'-এর ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন এক ভক্ত। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা দুলকার সালমান।
গত বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) এক ভক্ত দাবি করেন, সিনেমাটির প্রযোজনা দলের ভুলত্রুটি নিয়ে দেওয়া তার একটি বিশ্লেষণমূলক পোস্ট তিনি মুছে ফেলেছেন। সেই পোস্টের জবাবে দুলকার জানান, তিনি ভক্তের পর্যালোচনাটি দেখেছেন। ভক্তের অনেক কথার সঙ্গে একমত হলেও পুরো ব্যর্থতার দায় এককভাবে নিজের প্রযোজনা দলের ওপর চাপাতে নারাজ তিনি।
দুলকার বলেন, "আপনার বিশ্লেষণ যে ভুল ছিল, তা বলছি না। অধিকাংশ ক্ষেত্রেই আপনার পর্যবেক্ষণ সঠিক ছিল এবং আমরাও বিষয়গুলো জানি। কিন্তু মাঝেমধ্যে সব প্রস্তুতি ঠিক থাকা সত্ত্বেও বাহ্যিক নানা প্রতিকূল পরিস্থিতি ফলাফল বদলে দিতে পারে।"
তিনি আরও যোগ করেন, কোনো সিনেমা মুক্তির পর সেটির সাফল্য বা ব্যর্থতা বিশ্লেষণ করা সহজ। কিন্তু ২০০ থেকে ৩০০ মানুষের অক্লান্ত পরিশ্রমে তৈরি সিনেমা কোনো নির্দিষ্ট সূত্র বা অ্যাকাডেমিক নিয়মে চলে না। পৃথিবীর কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা অভিনয়শিল্পী ইচ্ছা করে খারাপ কাজ তৈরি করতে চান না।
নিজের সহকর্মীদের সমর্থন জানিয়ে জনপ্রিয় এই তারকা বলেন, "মানুষের জীবনের সব পরিকল্পনা কি সব সময় সঠিক হয়? সেখানে একাধিক দলের সঙ্গে কাজ করা একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ভুলত্রুটি হতেই পারে। আমি সব সময় আমার দলের পাশে আছি। তাই কাউকে দোষ দিতে চাইলে পুরো দায় আমাকেই দিতে পারেন।"
উল্লেখ্য, নাহাস হিদায়াথ পরিচালিত 'আই অ্যাম গেম' সিনেমাটি মুক্তির পর থেকেই কনটেন্ট পৌঁছাতে দেরি হওয়া, প্রদর্শনীসংক্রান্ত সমস্যা ও শো বাতিলসহ নানা অভিযোগ ওঠে। দুলকার সালমান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অ্যান্টনি ভার্গিস, মাইস্কিন, কায়াদু লোহার, সাম্যুক্তা বিশ্বনাথন, কাঠির, বিনয় ফোর্ট এবং পার্থ তিওয়ারি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











