কিউবাগামী ৩০ লাখ ডলারের জ্বালানি জব্দ করল যুক্তরাষ্ট্র

০৮ অক্টোবর ২০২৬ - ১৭:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কিউবাগামী ৩০ লাখ ডলারের জ্বালানি জব্দ করল যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মুখে আবারও কিউবাগামী বিশাল জ্বালানির চালান বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, দেশটির বিভিন্ন বন্দর থেকে কিউবার উদ্দেশে পাঠানো প্রায় ৩০ লাখ ডলার মূল্যের ৯০টি জ্বালানি চালান আটকে দেওয়া হয়েছে। জব্দ করা এসব চালানে ৬ লাখ গ্যালনেরও বেশি জ্বালানি ছিল। এক সপ্তাহের ব্যবধানে কিউবার জ্বালানি বহরে মার্কিন বাহিনীর এটি দ্বিতীয় অভিযান।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিউবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির অধীনে দেশটির বেসরকারি খাতে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহের সুযোগ থাকলেও হাভানা সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থাকে সুবিধা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

​যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির মিয়ামি কার্যালয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ হোসে ফিগুয়েরো জানান, বাজেয়াপ্ত হওয়া চালানগুলো হাভানাভিত্তিক রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান 'এনেটেক'-এর জন্য পাঠানো হচ্ছিল। চলতি বছরের শুরুতেই এই প্রতিষ্ঠানটিকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফ্লোরিডার 'পোর্ট এভারগ্লেডস' এবং টেক্সাসের 'হিউস্টন' বন্দর থেকে এসব চালান আটক করা হয়।

​ফিগুয়েরো স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে এত বড় জ্বালানি চালান পাঠানো আকস্মিক কোনো ঘটনা নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মার্কিন আইন অমান্য করে এমন কার্যক্রমে অর্থায়ন বা সহায়তা দেবে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

​এই চালানের বিষয়ে কিউবা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জাতিসংঘ কিউবার ওপর যুক্তরাষ্ট্রের এই জ্বালানি অবরোধকে 'অবৈধ' হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে কিউবার কমিউনিস্ট সরকার এই পদক্ষেপকে তাদের বিরুদ্ধে সরাসরি 'অর্থনৈতিক যুদ্ধ' বলে অভিহিত করেছে।

​দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটের কারণে কিউবায় মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট, পানির অভাব ও চরম মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যা দেশটিকে মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নজরদারি এড়িয়ে ব্যালাস্ট ট্যাংকে জ্বালানি লুকিয়ে নিয়ে যাওয়ার সময় একটি বড় কনটেইনার জাহাজ আটক করেছিল মার্কিন কোস্টগার্ড।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0