মার্কিন নাগরিকদের নির্যাতনের অভিযোগ: নিউইয়র্কে মাদুরো ও স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা

০৮ অক্টোবর ২০২৬ - ১৭:০৯
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন নাগরিকদের নির্যাতনের অভিযোগ: নিউইয়র্কে মাদুরো ও স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা
ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় সরকারি হেফাজতে আটক থাকা মার্কিন নাগরিকদের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নতুন আইনি অভিযোগ আনতে যাচ্ছেন নিউইয়র্কের কৌঁসুলিরা। বিষয়টি সম্পর্কে অবগত দায়িত্বশীল সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর নিশ্চিত করেছে।

​নতুন বিচার প্রক্রিয়ার মুখে মাদুরো দম্পতি

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় মাদুরোর শাসনকালে বহু মার্কিন নাগরিককে বেআইনিভাবে কারাবন্দি করে রাখার যে অভিযোগ ওয়াশিংটন করে আসছিল, নতুন পদক্ষেপটি তারই অংশ। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মার্কিন নাগরিকদের ওপর নির্যাতনের পেছনে ভূমিকা রাখার দায়ে তৎকালীন প্রশাসন ও বিচার ব্যবস্থার আরও কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনার পরিকল্পনা করছেন তদন্তকারীরা।

​এর আগে চলতি বছরের গত জানুয়ারিতে কারাকাসের প্রেসিডেন্ট প্যালেসে মার্কিন সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের কারাগারে বন্দি রয়েছেন। পূর্বে আনা মাদক-সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে তারা নিজেদের নির্দোষ দাবি করে আসছেন। এদিকে আদালতের কাছে বিচার প্রক্রিয়া শুরুর আগে ফ্লোরেসকে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে মাদুরোর আইনজীবীরা সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তির দাবি জানালেও কৌঁসুলিরা জানিয়েছেন, ভেনেজুয়েলার বর্তমান সরকার মাদুরোর পক্ষে এই দায়মুক্তির আবেদন সমর্থন করছে না।

​বন্দিদের ওপর রোমহর্ষক নির্যাতনের তথ্য

যুক্তরাষ্ট্র সরকার ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ হাসিলে এসব আমেরিকানকে বন্দি হিসেবে ব্যবহার করেছিল কারাকাস। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে মুক্ত পাওয়া একাধিক মার্কিন নাগরিক পরবর্তীতে ভেনেজুয়েলার কারাগারে তাদের ওপর চালানো নির্যাতনের কথা প্রকাশ্যে তুলে ধরেন।

​২০২২ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ম্যাথিউ হিথ ও ওসমান খান মামলায় জানিয়েছেন, বন্দিদশায় তাদের ওয়াটারবোর্ডিং, ইলেকট্রিক শক, মানসিকভাবে বিপর্যস্ত করার ওষুধ প্রয়োগ এবং দীর্ঘমেয়াদে নির্জন কারাবাসে রাখা হতো। মারাত্মক মানসিক নির্যাতনে একপর্যায়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন মার্কিন মেরিন বাহিনীর সাবেক সদস্য হিথ। এছাড়া ২০১৭ সালে ভেনেজুয়েলায় গিয়ে প্রায় পাঁচ বছর বন্দি থাকা 'সিটগো সিক্স' নামে পরিচিত সাবেক ছয় তেল নির্বাহী কর্মকর্তা কারাকাসের নির্মম বন্দিশালার অভিজ্ঞতা জানিয়ে সম্প্রতি তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0