মরক্কোর আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে প্রথমবার ইসরায়েলি প্রতিষ্ঠান
মরক্কোতে আয়োজিত আন্তর্জাতিক মারাকেশ এয়ার শোতে প্রথমবারের মতো অংশ নিয়েছে ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ৭ থেকে ১০ অক্টোবর রয়্যাল মরোক্কান এয়ার ফোর্সের ঘাঁটিতে আয়োজিত এই প্রদর্শনীতে ইসরায়েলের আটটি সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে দুটি দেশের মধ্যে দ্রুত জোরালো হতে থাকা সামরিক সম্পর্কের চিত্রই স্পষ্ট হয়ে উঠেছে। সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রদর্শনী ও সামরিক প্রযুক্তি
২৭টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠানের উপস্থিতিতে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই), এলবিট সিস্টেমস এবং রাফায়েলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের সামরিক সরঞ্জাম প্রদর্শন করছে। মরক্কোতে ইতোমধ্যে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস তাদের প্রস্তুতকৃত বিভিন্ন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে নজরদারি ও হামলায় ব্যবহৃত 'হারমিস ৯০০' ড্রোন, লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম 'স্কাইস্ট্রাইকার' লয়টারিং মিউনিশন এবং ৩০০ কিলোমিটার পাল্লার 'পুলস' রকেট আর্টিলারি ব্যবস্থা।
মরক্কোর জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় ইসরায়েলি এই কোম্পানিগুলোর উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে। মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেল লতিফ লৌদি বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সার্বভৌম প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার তাগিদ দেন। সম্প্রতি ড্রোন, ইলেকট্রনিক্স ও নিখুঁত লক্ষ্যভেদী যন্ত্রাংশ তৈরির লক্ষ্যে মরক্কোতে উৎপাদন কারখানা স্থানান্তরের কাজও শুরু করেছে ইসরায়েলি কিছু প্রতিষ্ঠান।
সম্পর্কের পটভূমি ও সামাজিক প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে স্বাভাবিকীকরণ চুক্তির মাধ্যমে মরক্কো ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর বিনিময়ে ওয়াশিংটন পশ্চিম সাহারায় মরক্কোর সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃতি দেয়। তবে ইসরায়েলের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি নিয়ে মরক্কোর সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। এ সম্পর্কের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি রাজধানী রাবাতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











