ফোর্ট হুড হামলার দণ্ডিত নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে প্রাণঘাতী হামলা চালানো সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সেনাসদস্যদের সমন্বয়ে গঠিত একটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার এই দণ্ড কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের এক কর্মকর্তা প্রকাশ্যে দণ্ড কার্যকরের বিষযটি নিশ্চিত করেছেন। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে তা হবে প্রায় এক শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
ফায়ারিং স্কোয়াড ও সরাসরি সম্প্রচার
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, অপরাধের জঘন্য পরিণতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে দণ্ডটি কার্যকর করা হবে।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, প্রতিরক্ষামন্ত্রীর সুপারিশক্রমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এই মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। উল্লেখ্য, এটি ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনীতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ।
আইনি প্রশ্ন ও বৈশ্বিক প্রেক্ষাপট
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের অধিকার নিয়ে কর্মরত আইনজীবী জন মিলস জানান, আধুনিক রাজনৈতিক ও আইনি ব্যবস্থায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন এবং এর আইনি ভিত্তি নিয়ে সংশয় রয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, গত বছর বিশ্বজুড়ে বহু মৃত্যুদণ্ড কার্যকর হলেও প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছিল কেবল ইরান ও আফগানিস্তানে। ২০০৯ সালের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে নিদাল হাসানের গুলিবর্ষণে ১৩ জন নিহত ও বহু সেনাসদস্য আহত হন, যা মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











