বিশ্ব বসতি দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
সোমবার (৫ অক্টোবর) সকালে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে দিবসটি উপলক্ষে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং প্রধানমন্ত্রী একটি স্মারক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
তিন দিনব্যাপী আবাসন মেলা
দিবসটি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আবাসন মেলা। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থা, রিহ্যাব, রাজউক, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, নগর পরিকল্পনা সংস্থা, ব্যাংক ও নির্মাণ খাতের মোট ১৫৭টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক।
উল্লেখ্য, ১৯৮৫ সালে জাতিসংঘের সিদ্ধান্তের পর ১৯৮৬ সাল থেকে বিশ্বজুড়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। ‘বাসস্থান আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে কেনিয়ার নাইরোবিতে প্রথমবার পালনের পর থেকে প্রতিবছর নতুন প্রতিপাদ্যে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান নিশ্চিতের লক্ষে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











