প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গুলশান থেকে গ্রেপ্তার
গুলশানের রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত এক প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন বিদিশা সিদ্দিক। পরোয়ানা কার্যকর করতেই এ অভিযান চালানো হয়।
আদালতের সাজা ও মামলার প্রেক্ষাপট
এর আগে, গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম প্রতারণার এক মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকার একজন স্যানিটারি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ী। ২০০১ সালে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট কেনাবেচা নিয়ে বিদিশার সঙ্গে তাঁর ৮০ লাখ টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ওই বছরের ১০ জুলাই বিদিশার কথামতো তাঁর বন্ধু ও মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেন মোশাররফ হোসেন। টাকা পরিশোধের পর বায়নানামা সম্পন্ন হয় এবং ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের কথা ছিল।
চেক ডিজঅনার ও হুমকির অভিযোগ
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষার পর পাওনা টাকা ফেরত চাইলে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেন বিদিশা। তবে ব্যাংকে প্রয়োজনীয় অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই না দিয়ে কালক্ষেপণ করা হয় এবং পাওনা দাবির কারণে বাদীকে সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
উল্লেখ্য, গত মে মাসে মামলার রায় ঘোষণার পর বিদিশা সিদ্দিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাবি করেছিলেন, এই মামলার বিষয়ে তাঁর কোনো পূর্বধারণা ছিল না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











