মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: হাইকোর্টে হিটু শেখের রায় পিছাল, নতুন তারিখ ৩১ আগস্ট

২৫ আগস্ট ২০২৬ - ১৩:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: হাইকোর্টে হিটু শেখের রায় পিছাল, নতুন তারিখ ৩১ আগস্ট
হাইকোর্ট, ফাইল ছবি। সংগৃহীত

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার দিন পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ আগস্ট রায়ের নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

​আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

​মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে নৃশংস পাশবিক নির্যাতনের শিকার হয় আট বছরের শিশুটি। তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

​পরবর্তীতে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। অন্যদিকে, অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি—নিহতের বোনের স্বামী সজীব শেখ, ভাসুর রাতুল শেখ ও শাশুড়ি জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

​ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুতের পর মামলাটি হাইকোর্টের কার্যতালিকাভুক্ত হয়ে শুনানি প্রক্রিয়ায় আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0