এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো সংস্কার, শ্রেণিকক্ষের কার্যক্রম পরিচালনা, নজরদারি ও জবাবদিহিতা আরও কার্যকর করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটির বিষয়বস্তু ছিল ‘প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’।
প্রতিমন্ত্রী জানান, দেশের তিনটি বিভাগে এরই মধ্যে এ ধরনের কর্মশালা সম্পন্ন হয়েছে এবং চলতি মাসের মধ্যেই বাকি বিভাগগুলোতে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতামত, পরামর্শ ও সুপারিশের ভিত্তিতেই নতুন এই নীতিমালা তৈরি করা হবে।
ববি হাজ্জাজ বলেন, "আমাদের বিদ্যালয়গুলো আগামীতে কীভাবে পরিচালিত হবে এবং মনিটরিং কর্মকর্তারা কীভাবে কাজ করবেন, সেটি নির্ধারণ করাই এই কর্মশালাগুলোর মূল লক্ষ্য। মাসের মধ্যে সব বিভাগের ফিডব্যাক নিয়ে আমরা নতুন নীতিমালাটি প্রণয়ন করব, যার আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার পরিচালিত হবে।"
প্রাথমিক বিদ্যালয়ের কাঠামো নিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, কোনো স্কুল বন্ধ করা হবে না। তবে যেসব স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হতো, পর্যায়ক্রমে তিন বছরের মধ্যে সেগুলোকে পঞ্চম শ্রেণিতে নামিয়ে আনা হবে। অর্থাৎ, প্রাথমিক শিক্ষা আপাতত পঞ্চম শ্রেণি পর্যন্তই থাকছে। শিক্ষা ব্যবস্থায় হুট করে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বরিশাল বিভাগের কর্মকর্তাদের মতামতের গুরুত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, তাদের কাছ থেকে কোনো কার্যকর ও শক্ত পরামর্শ এলে তা নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











