যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: ড. মঈন খান
সাংবিধানিক নিয়মকানুন ও প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করে নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে সরকার। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এ কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একটি ব্যতিক্রমধর্মী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরাসরি তৃণমূলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। মন্ত্রণালয় সফল হলে সার্বিকভাবে সরকারও সফল হবে। অতীতে দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ধনিক শ্রেণিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান সরকার দরিদ্র ও প্রান্তিক মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী পদক্ষেপগুলোর ধারাবাহিকতা রক্ষায় সরকার বদ্ধপরিকর।
নির্বাচন প্রসঙ্গে ড. মঈন খান বলেন, দীর্ঘ রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ২০২৬ সালের নির্বাচন এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। সংবিধানের বিধান এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে।
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকারের সংশ্লিষ্ট সবাইকে কঠোর কাঠামোর আওতায় আনা হচ্ছে। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বিগত আমলের লুটপাট ও দুর্নীতির বদনাম ঘুচিয়ে মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











