ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন: দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২২ আগস্ট ২০২৬ - ১৬:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন: দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে এই সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​শনিবার অনুষ্ঠিত এই সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের জন্য তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্য থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটিকে চূড়ান্ত করা হয়। ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত সহজ করার ওপর সভায় বিশেষ জোর দেওয়া হয়।

​প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচিত এই রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা প্রয়োজন হবে। পুরো পরিকল্পনাটি বাস্তবে রূপ দিতে দ্রুত সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

​এই মহাসড়ক নির্মিত হলে ভোলাবাসীর দীর্ঘদিনের নৌপথের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, যা যাতায়াতের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

​সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0