মির্জা ফখরুল নতুন রাষ্ট্রপতি, ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে তাঁর নির্বাচিত এলাকা ঠাকুরগাঁও-১ আসনটিকে শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাই সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তাঁর সংসদীয় আসনটি শূন্য বলে গণ্য হয়েছে।
উপ-নির্বাচনের প্রস্তুতি ও পরবর্তী পদক্ষেপ
আসনটি শূন্য হওয়ায় সেখানে উপ-নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয় এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











