মন্ত্রিসভায় প্রথম রদবদল: চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। তাদের শপথবাক্য পাঠ করান সদ্য দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী পদ থেকে পদোন্নতি পাওয়া মো. রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন।
রদবদলের পর দপ্তর বণ্টনের বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এবং বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী সমমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে।
এছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং বর্তমান পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করার জোরালো সম্ভাবনা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এই রদবদল চূড়ান্ত বলে গণ্য হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











