আজ বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী: পুনর্গঠন হতে পারে মন্ত্রিসভার দপ্তর

২১ আগস্ট ২০২৬ - ১৬:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আজ বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী: পুনর্গঠন হতে পারে মন্ত্রিসভার দপ্তর

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ গ্রহণ করবেন। তার দায়িত্ব নেওয়ার পর পরই নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করে দেশের বর্তমান মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, এই দফায় চারজন নতুন সদস্যকে সরকারের নির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত করা হতে পারে, যার মধ্যে তিনজনকে পূর্ণ মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।

​সূত্র জানায়, নতুন মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেওয়ার তালিকায় আলোচনায় উঠে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান ও ভোলা-১ আসন থেকে জোটগতভাবে নির্বাচিত সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান সংসদীয় আসন থেকে বিজয়ী সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ ছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে সরকারের নতুন প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

​শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর। সম্ভাব্য সদস্যদের সঙ্গে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ে বঙ্গভবনে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতির হাত ধরেই তাদের এই শপথ নেওয়ার কথা রয়েছে।

​উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ায় তার ছেড়ে আসা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়টি খালি হচ্ছে। পাশাপাশ আগে পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদটিও বর্তমানে খালি অবস্থায় রয়েছে। ফলে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভার বিদ্যমান অতিরিক্ত দপ্তরগুলোতে দায়িত্ব পুনর্বণ্টনেরও একটি সম্ভাবনা দেখা দিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকারে বর্তমানে প্রধানমন্ত্রীসহ ৪৮ জন সদস্য দায়িত্বে রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0