বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব পদে নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদায়নের সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুসরণে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সম্প্রতি গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পদত্যাগের পর থেকে দলটির মহাসচিবের পদটি ফাঁকা ছিল।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন।
কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। রাজনীতিতে তাঁর যাত্রা শুরু হয়েছিল বামপন্থি ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। ১৯৮৯ সালে রাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। সম্প্রতি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি পরিচালনা কমিটির সদস্যসচিব এবং গত ১৫ আগস্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁকে মনোনীত করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











