সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে তিনি নিজেই অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে বলা হয়েছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে ভোট প্রদান বা পদত্যাগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে, যা সংবিধানের অন্যান্য মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই এই অনুচ্ছেদটি কেন অসাংবিধানিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারির আরজি জানানো হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন এবং এতে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য ছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











