রাজস্ব বোর্ডকে জনবান্ধব ও দক্ষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসন ও শোষণের কবল থেকে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় রাজস্ব সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত সময়ে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন উপেক্ষা করে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে সুবিধা প্রদান, বৈষম্যমূলক আচরণ এবং রাজস্ব আদায়ে অনিয়মের কারণে এনবিআরের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হয়েছিল। বর্তমান মুক্ত বাংলাদেশে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি সুশৃঙ্খল ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং করদাতাদের হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমান সরকার অতিরিক্ত বৈদেশিক ঋণনির্ভরতার নীতি পরিহার করে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র প্রসারিত করতে চায়। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার উৎপাদনমুখী নীতি গ্রহণ করেছে, যা কর্মসংস্থান ও জনগণের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এনবিআরকে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানো জরুরি। এজন্য ডিজিটাল প্রযুক্তি ও তথ্যভিত্তিক আধুনিক কর প্রশাসন গড়ে তোলার তাগিদ দেন তিনি। ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা সহজ করার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এনবিআরের উন্নয়ন কার্যক্রম প্রদর্শনী সংবলিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











