লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় দীর্ঘদিন আটক থাকার পর নিরাপদ আশ্রয়ে দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ তৎপরতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে বিশেষ বিমানযোগে তাদের ফিরিয়ে আনা হয়। প্রত্যাবাসনকৃত এই দলে ৩ জন নারী, ১টি শিশু এবং গুরুতর অসুস্থ ১৫ জন ব্যক্তি রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ‘ইউজেড-২২২’ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ইউরোপে পাড়ি দেওয়ার তাগিদে অনিয়মিত পথে ভূমধ্যসাগর অতিক্রমের সময় তাদের আটক কিংবা উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় অত্যন্ত প্রতিকূল পরিবেশে দিন কাটছিল তাদের।
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গ্যানফুদা ও ট্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অন্য বাংলাদেশিদের জাতীয়তা যাচাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি বছরের ৭ আগস্ট একই মাধ্যমে ৩৪০ জন দেশে আসেন। সব মিলিয়ে কেবল আগস্ট মাসেই দুই দফায় মোট ৫১৪ জন প্রবাসী দেশে ফিরলেন। যেকোনো ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথ পরিহার করে সরকারি অনুমোদিত মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











