রাজধানীতে নারীদের জন্য বিআরটিসির 'পিংক বাস' সার্ভিস চালু, চালক ও কন্ডাক্টর নারী
রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সেবা চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এই বাসগুলোতে চালক এবং কন্ডাক্টর উভয় পদে দায়িত্ব পালন করবেন নারী কর্মী।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভিসটির উদ্বোধন করবেন। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নারীবান্ধব এই সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং একই বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
যেসব রুটে মিলবে সার্ভিসটি:
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুটে এ পিংক বাসগুলো চলাচল করবে। রুটগুলোর মধ্যে রয়েছে— নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল। এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে।
উদাহরণস্বরূপ, নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান পয়েন্ট অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে ২টি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে ২টি বাস পরিচালিত হবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট থেকে শুরু হয়ে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে গন্তব্যে যাবে।
বিআরটিসির আশা, বিশেষ এই উদ্যোগটি গণপরিবহনে নারীদের নিরাপদে যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারী কর্মী বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











