কারিগরি ত্রুটি: নেপালে ৭ ঘণ্টা আটকে থাকার পর বিকল্প ফ্লাইটে দেশে ফিরলেন ১২৭ যাত্রী
কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২৭ জন যাত্রী। সোমবার রাত ১২টা ১০ মিনিটে বিকল্প একটি উড়োজাহাজে করে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি-৩৭২ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে রানওয়ের দিকে এগোলেও উড্ডয়নের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। ফলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।
পরিস্থিতি বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট মেরামতের সময় নিশ্চিত না থাকায় যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জে এবং অন্যান্য যাত্রীদের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়।
পরবর্তীতে আটকে পড়া যাত্রীদের দ্রুত ফিরিয়ে আনতে ঢাকা থেকে একটি বিকল্প বড় উড়োজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিমানের জনসংযোগ বিভাগের তথ্যমতে, রোববার রাত ১০টায় ঢাকা থেকে একটি উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয় এবং কাঠমান্ডু থেকে ১২৭ জন যাত্রীকে নিয়ে সোমবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











