সবার আগে বাংলাদেশ', আমরা আর কখনো নতজানু রাষ্ট্রে পরিণত হব না: পররাষ্ট্রমন্ত্রী
সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো দেশকে সবার উপরে রাখা এবং বাংলাদেশ আর কখনোই কোনো নতজানু বা আশ্রিত রাষ্ট্রে (ক্লায়েন্ট স্টেট) পরিণত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, জুলাই সংগ্রামের আত্মত্যাগ ও সাফল্য ধরে রাখা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা বজায় রেখে জুলাই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নে কূটনীতিকদের সামনের সারিতে থেকে কাজ করতে হবে। তিনি স্মরণ করে দেন যে, অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত এবং ত্যাগের ওপর দাঁড়িয়েই বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছে। তাই এই আত্মত্যাগের কথা স্মরণ রেখে সবাইকে নিষ্ঠার সাথে দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান পুনর্গঠনের প্রসঙ্গ তুলে ধরে ড. খলিলুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের স্মৃতিচারণ করেন। তিনি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজের মর্যাদা ফিরে পাচ্ছে দেখে আন্তর্জাতিক বন্ধুভাবাপন্ন দেশগুলোও সন্তোষ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন—বাংলাদেশকে আর কোনো ক্লায়েন্ট স্টেট হিসেবে না দেখার, আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মূল্যায়ন তারই প্রতিফলন।
তিনি আরো উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্ম এক কঠিন লড়াইয়ের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশকে এক নতুন দিগন্তে নিয়ে এসেছে। তরুণদের অর্জিত এই বাংলাদেশকে ভালোবাসা, মেধা ও প্রজ্ঞা দিয়ে রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়া পররাষ্ট্র সার্ভিসের প্রতিটি সদস্যের নৈতিক দায়িত্ব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











