বিএনপি নেতার মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ঢাকায় গ্রেফতার

০৫ আগস্ট ২০২৬ - ১২:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিএনপি নেতার মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর ঢাকায় গ্রেফতার
গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার । ছবি:সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।

​জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে তানভীরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় বুধবার ভোর চারটার দিকে তানভীরকে গ্রেফতার করে পুলিশ।

​তানভীরের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম অভিযোগ করেন, দলগতভাবে ব্যবস্থা নেওয়ার পরেও বিএনপি ও পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে।

​তিনি উল্লেখ করেন, সম্প্রতি সিলেট ও হবিগঞ্জে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষাপটে তানভীর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পরবর্তীতে পোস্টটি অনুচিত মনে করে তিনি তা মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও নিশ্চিত করেছিলেন তানভীর।

​সারজিস আলম তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখেন, একটি অনাকাঙ্ক্ষিত লেখার জন্য তানভীর দুঃখ প্রকাশ করার পর এবং দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক অব্যাহতি দেওয়ার পরও পুলিশ ও বিএনপি অন্যায্য শক্তি প্রদর্শন করেছে। তিনি মন্তব্য করেন, বিগত ১৬ বছর বিএনপি যে নিপীড়নের শিকার হয়েছিল, ক্ষমতার পটপরিবর্তনের পর তারা নিজেরাও একই ধরনের আচরণ শুরু করেছে।

​এছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখের ক্ষতির ঘটনা তুলে ধরে সারজিস আলম প্রশ্ন তোলেন, সেই হামলায় জড়িতদের কেন এখনো গ্রেফতার করা হয়নি।

​উল্লেখ্য, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে গত শুক্রবার এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সালাউদ্দীন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0