জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢামেগে চিকিৎসাধীন বেশ কয়েকজন

০৪ আগস্ট ২০২৬ - ২০:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢামেগে চিকিৎসাধীন বেশ কয়েকজন
রাজধানীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ চলাকালের একটি ছবি। সংগৃহীত

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসাসহ কয়েকটি স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব পৃথক ঘটনায় উভয় সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

​মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

​জানা গেছে, রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আহত নেছারুদ্দীন রাব্বি জানান, বন্ধুদের সাথে আড্ডাদেওয়ার সময় 'নারায়ে তাকবীর' ধ্বনি দিয়ে একদল তরুণ তাদের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তার ধারণা, হামলাকারীরা ছাত্রশিবিরের কর্মী। এনআইইটি থেকে ডিপ্লোমা সম্পন্ন করা রাব্বি বর্তমানে বিএসসিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

​অন্যদিকে ঢাকা আলিয়া মাদরাসায় হলের দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলিয়া মাদরাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

​এর আগে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাওহিদুল ইসলাম, প্রভা ও ধ্রুব নামের তিনজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন। আহত তাওহিদুল ইসলাম (ঢাকা কলেজের শিক্ষার্থী ও শিবিরকর্মী) অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালিয়েছিল।

​ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেলেও একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0