আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকদের নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

০৪ আগস্ট ২০২৬ - ১৭:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকদের নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:বাসস

দেশের সব কৃষকের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নির্ভুল তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, প্রান্তিক কৃষকদের প্রকৃত অধিকার সুনিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই এই পুরো কার্যক্রম সম্পন্ন করতে হবে।

​মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 'কৃষক কার্ড' সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সার্বিক বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে অবহিত করেন।

​উপ-প্রেস সচিব জানান, সভায় ছবি ও আধুনিক কিউআর (QR) কোড-সংবলিত কার্ড চালুর বিষয়ে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এই কৃষক কার্ডে কেবল কৃষকের পরিচয়ই থাকবে না; বরং তাদের উৎপাদন, সরকারি সহায়তার তথ্য এবং কৃষি বাজারের তথ্য যেন সংরক্ষিত থাকে, সেই উপযোগী করে কার্ড প্রস্তুত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

​তিনি আরও জানান, কৃষকদের নামে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হলে ধাপে ধাপে প্রান্তিক কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেওয়া হবে।

​উল্লেখ্য, কৃষি খাতে সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষি ঋণ, প্রণোদনা ও যাবতীয় সুবিধা যেন সরাসরি ও কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়া প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ। চলতি অর্থবছরেই প্রায় ৪৩ লাখ কৃষককে এই কার্ডের সুবিধা প্রদান করা হবে। এ ছাড়া পরবর্তী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এই কর্মসূচির আওতাভুক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

​উক্ত পর্যালোচনা সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বোতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0