সমঝোতার ভিত্তিতেই জনপ্রত্যাশা পূরণের সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সমঝোতার মাধ্যমে এমন একটি সংবিধান সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দেশের গণতান্ত্রিক রূপান্তরকে বেগবান করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির সূচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিসমূহ সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে সংসদের ভেতরের ও বাইরের সকল রাজনৈতিক দলের সাথে উন্মুক্ত আলোচনা করা হবে। বিরোধী দলের প্রস্তাবিত পাঁচজন প্রতিনিধির নাম এখনও পাওয়া না গেলেও তাদের সবসময় স্বাগত জানানো হবে এবং লিখিত বা সশরীরে প্রাপ্ত মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
কমিটির সামনে বড় কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, এটিকে চ্যালেঞ্জ হিসেবে না দেখে শহীদদের রক্ত ও জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে রূপ দেওয়ার একটি সুবর্ণ সুযোগ ও বড় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। পেশাজীবীসহ সমাজের সর্বস্তরের মানুষের মতামত ক্রমান্বয়ে গ্রহণ করা হবে।
এছাড়া ‘জুলাই জাতীয় সনদ’-এর ঐক্যমত্যভিত্তিক বিষয়গুলোর পাশাপাশি ‘নোট অব ডিসেন্ট’ এবং রাজনৈতিক দলগুলোর ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রস্তাবও এই প্রক্রিয়ায় বিবেচিত হবে বলে জানান তিনি।
সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা এ সভায় অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











