২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ের কাছে এমপিদের তালিকা চাইল ইসি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) হালনাগাদ তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। সংসদ সদস্যদের তালিকা হাতে পাওয়ার পরই কমিশন বাকি প্রক্রিয়া ও তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
অন্যদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ার বিষয়ে সচিব জানান, এসংক্রান্ত জটিলতা এড়াতে একটি কমিটি কাজ করছে। শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ করে অসংগতি দূর করা হবে। এ ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ, এনআইডি এবং পাসপোর্টের তথ্যে সামঞ্জস্য থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











