সব সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সৌর বিদ্যুৎ-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-প্রেস সচিব জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী মূলত তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন:
সরকারি ভবনে সৌর প্যানেল: বঙ্গভবন, তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে প্রথম ধাপে সৌর প্যানেল বসানো হবে।
উৎপাদনে সহায়তা: দেশে সোলার ইনভার্টার তৈরির কাঁচামাল আমদানিতে সরকারি নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সহজলভ্য অর্থনৈতিক মডেল: সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ যেন সাশ্রয়ী, সহজলভ্য এবং লাভজনক হয়, সে লক্ষ্যে একটি টেকসই অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকারি উদ্যোগে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ নাগরিকরাও এই প্রযুক্তি গ্রহণে মানসিকভাবে উৎসাহিত হবেন।
সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ পৃথক দুটি প্রেজেন্টেশন প্রদান করে। তারা আবাসিক ভবনে সৌর প্যানেল বসিয়ে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার কৌশল তুলে ধরে। তাদের অভিমত, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি দেশে বিপুল নতুন কর্মসংস্থান তৈরি হবে। এই প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, লিফট ও ফ্যানের মতো ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো সম্ভব বলেও তারা অবহিত করেন।
উক্ত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান, প্রাণ-আরএফএল ও ওয়ালটন গ্রুপের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











