নিয়মবহির্ভূত সব অনিয়ম দূর করে দেশ পরিচ্ছন্ন করা হবে: কৃষিমন্ত্রী
দেশের সর্বত্র শৃঙ্খলা ফেরাতে এবং নিয়মবহির্ভূত কার্যক্রম দূর করতে সরকার সর্বাত্মক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি স্পষ্ট করেছেন যে, পরিচ্ছন্নতা বলতে কেবল রাস্তাঘাট পরিষ্কার করাকে বোঝানো হচ্ছে না, বরং সব ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনাকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। তবে রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নিজের প্রটোকল ও হাসপাতালের দায়িত্ব প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, মন্ত্রিত্বের পোর্টফোলিও অনুযায়ী এই হাসপাতালে তাঁর আসার কথা ছিল না। তবে স্থানীয় বাসিন্দা হওয়ায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বড় হাসপাতালগুলোতে গঠিত তদারকি কমিটির সভাপতি হিসেবে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্থানীয় এলাকার বাসিন্দা হওয়ায় তিনি এখানকার সব বিষয় সম্পর্কে অবগত আছেন। হাসপাতালে যে কিছু অনিয়ম রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান সরকার দেশের সব ধরনের অপরিচ্ছন্নতা ও বিশৃঙ্খলা কঠোর হাতে নির্মূল করার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, পরিচ্ছন্নতা অভিযান কেবল নালা-নর্দমা পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটি উন্নত চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে দেশের মানুষ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলেজ প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটিকে একটি মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











