বগুড়ায় বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৬ শ্রমিকের করুণ মৃত্যু, আহত অন্তত ১০
বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাজের সন্ধানে আসা ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি সেখানে কাজের জন্য অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনা ও হতাহতের খবরটি নিশ্চিত করে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











