সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের জেল
সম্পদ বিবরণী জমা না দেওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে সাজা পরোয়ানাসহ তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব।
মামলার পটভূমি
নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর চৌধুরী ও তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের বিস্তারিত হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। তবে আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সেই বিবরণী দাখিল করেননি।
এরই প্রেক্ষিতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।
তদন্ত ও বিচার প্রক্রিয়া
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-সহকারী পরিচালক এ এম তাহের। পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত
রায়ের পর অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস জানান, তারা এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন। তিনি দাবি করেন, তার মক্কেল একজন গৃহিণী এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। উচ্চ আদালতে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











