জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড
২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সহযোগী সংগঠনের মোট সাত শীর্ষ নেতাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এ রায় ঘোষণা করেন। বিচারক বেঞ্চের অপর দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয় আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিচারিক প্রক্রিয়াকালীন এবং রায় ঘোষণার সময় এই মামলার সব আসামিই পলাতক ছিলেন।
মামলার বিচারিক প্রক্রিয়া
মামলার আগের দিন সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জি জানান। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী হাসান ইমাম ও ইসরাত জাহান অনি অভিযোগ খণ্ডন করে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।
চলতি বছরের জানুয়ারি মাসে এই সাত আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল বিচারকাজ শুরু করেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। পরে আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সন্ধান না পাওয়ায় সমন জারি সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের আদেশ দেন আদালত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











