ইলিয়াস আলী গুমের মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো উইং কমান্ডার সাইফুরকে
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার সকালে একটি মাইক্রোবাসে করে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল সূত্র জানায়, এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ওই পরোয়ানার কার্যকারিতা হিসেবেই তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশন পক্ষ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। দীর্ঘ সময় ধরে এই নিখোঁজের ঘটনা অমীমাংসিত থাকলেও পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দি ও প্রাথমিক তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। সে সময় তিনি র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন বলে জানা যায়।
গত ২৬ জুলাই তাকে আটক করার পর বিমান বাহিনীর হেফাজতে রাখা হয়েছিল। পরবর্তীতে ট্রাইব্যুনালের আদেশের পর তাকে আনুষ্ঠানিকভাবে এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হয়। মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











