জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার

০৫ অক্টোবর ২০২৬ - ১৪:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

জাপানের ওকিনাওয়া প্রিফেকচারে ৩৯ বছর বয়সী এক নারীকে হত্যা ও মালামাল লুটের অভিযোগে ডেভিন জ্যাকব ব্যালার্ড (২০) নামে এক মার্কিন মেরিন সেনাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার ওকিনাওয়ার রাজধানী নাহা শহরের একটি হোটেল রুম থেকে ইয়াগি আন্না নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন সরকারের কাছে আনুষ্ঠানিক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।

​জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, রোববার ঘাতক সন্দেহে অভিযুক্ত মার্কিন সেনাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যালার্ড নাহার নিকটবর্তী মার্কিন ফুতেনমা মেরিন ঘাঁটিতে কর্মরত ছিলেন। স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে আন্নাকে হত্যা করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজে এক বিদেশি নাগরিককে ওই নারীর সাথে হোটেলে প্রবেশ করতে এবং পরবর্তীতে তার কিছু মালামাল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। তবে গ্রেপ্তারকৃত মেরিন সেনা হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন।

​ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়’ হিসেবে আখ্যায়িত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি নিশ্চিত করেন যে, জাপান সরকার এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। এর পাশাপাশি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির কার্যালয় মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাসকে তলব করে জাপানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের শৃঙ্খলা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

​অন্যদিকে, ওকিনাওয়ার গভর্নর জেন্তা কোজাও মার্কিন সেনাদের মধ্যে কঠোর শৃঙ্খলা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। মার্কিন ৩য় মেরিন এক্সপেডিশনারি ফোর্স এবং টোকিওস্থ মার্কিন দূতাবাস উভয়ই এই তদন্তে জাপানি কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং নিহত নারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। উল্লেখ্য, ওকিনাওয়ায় বিপুলসংখ্যক মার্কিন সেনা অবস্থান করায় তাদের গতিবিধি ও আচরণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ ও উদ্বেগ রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0