যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

২৫ আগস্ট ২০২৬ - ১০:২৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গিয়ে সাময়িক দর্শনার্থী হিসেবে অবস্থান করার পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানানো বিদেশি নাগরিকদের অ-অভিবাসী ভিসা বাতিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কড়া অভিবাসন নীতির অংশ হিসেবে গ্রহণ করা এই পদক্ষেপ বাস্তবায়ন হলে দেশটির ইতিহাসে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক ভিসা বাতিলের নজির তৈরি হতে পারে।

​মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, স্বল্পমেয়াদী দর্শনার্থী হিসেবে এসে স্থায়ীভাবে থেকে যাওয়ার উদ্দেশ্যে যারা পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের অ-অভিবাসী ভিসা চিহ্নিত ও বাতিল করতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। তবে ঠিক কতজন নাগরিকের ভিসা বাতিল হতে পারে, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর থেকে কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

​সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ নথিপত্র ও মার্কিন সরকারের দুই কর্মকর্তার সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ায় প্রায় ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন সংক্রান্ত ভিসা বাতিল হতে পারে।

​পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যুকৃত 'বি১' (ব্যবসা) ও 'বি২' (পর্যটন) ভিসাধারী যেসব ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে চেষ্টা করছেন, তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

​প্রতিবেদনে আরও বলা হয়, ভিসা বাতিল হলেই যে তাদের অবিলম্বে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হবে, বিষয়টি তেমন নাও হতে পারে। তবে বর্তমানে যাদের আশ্রয়ের আবেদন পর্যালোচনার অধীনে রয়েছে, তাদের নতুন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হলেও তারা ব্যবসায়ী বা পর্যটক হিসেবে তাদের পূর্বের বৈধ অবস্থান হারাবেন।

​এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডো দাবি করেন, "আমেরিকার অভিবাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভিত্তিহীন আশ্রয়ের আবেদনে পর্যুদস্ত হয়ে পড়েছে।"

​উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ভিসা বাতিল, গ্রিন কার্ড প্রত্যাহার ও কঠোর ডিপোর্টেশন অভিযানের মাধ্যমে শক্ত অবস্থান বজায় রাখা হচ্ছে। সম্প্রতি পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প প্রশাসনের অধীনে ইতোমধ্যেই ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশির ভিসা বাতিল করা হয়েছে।

​মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব কড়াকড়ি পদক্ষেপ বাকস্বাধীনতা ও আইনি প্রক্রিয়ার অধিকারকে ক্ষুণ্ণ করছে এবং জাতিগত বৈষম্যের ঝুঁকি বাড়াচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই এসব কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সুত্র: দ্য গার্ডিয়ান

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0