ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান: নেতানিয়াহুর দাবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান। সোমবার দেশটির সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। তবে কখন, কীভাবে এই হত্যাচেষ্টা চালানো হয়েছিল কিংবা তার দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এবং ইরান তার এক ছেলেকে লক্ষ্য বানিয়ে হত্যার অপচেষ্টা চালিয়েছে।
আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনার মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতা হারালেও স্ত্রী ও সন্তানদের অন্তত পাঁচ বছরের জন্য শিন বেটের নিরাপত্তা দেওয়ার চুক্তির পক্ষে সাফাই গান তিনি। নেতানিয়াহু উল্লেখ করেন, তার পরিবারকে দেওয়া এই নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। এই সুরক্ষা ব্যবস্থা না থাকলে আততায়ীরা তার ছেলেকে হত্যা করতে সক্ষম হতো বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে বড় ছেলে ইয়াইর ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে শিন বেটের সুরক্ষায় অবস্থান করছেন। সরকারি অর্থ ব্যয় করে বিদেশে ইয়াইরের এই নিরাপত্তার বিষয় নিয়ে ইসরায়েলে বিতর্ক রয়েছে। অন্যদিকে ছোট ছেলে আভনার তার জীবনের বড় অংশ ইসরায়েলেই কাটিয়েছেন। নির্বাচনী প্রচারণার মধ্যে সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান নেতানিয়াহু। সেই সাথে শিন বেট প্রধানের সঙ্গে কথা বলে সব প্রধানমন্ত্রী প্রার্থীর যথাযথ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











