জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত দুই ডজনের বেশি মানুষ
জাপানের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। রোববার ভোরের দিকে দেশটির ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। তবে এই প্রাকৃতিক দুর্যোগের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) দেওয়া তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জাপানি মানদণ্ডের ৭ মাত্রার তীব্রতা স্কেলে ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন অংশ এবং রাজধানী টোকিওর কিছু এলাকায় কম্পনের মাত্রা পাঁচের নিচে রেকর্ড করা হয়।
হঠাৎ এই ভূমিকম্পের ফলে সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে আহত হয়েছেন বিশের অধিক মানুষ। ক্ষতিগ্রস্তদের মধ্যে সাইতামা অঞ্চলে এক তরুণ ও সত্তরোর্ধ্ব এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের প্রত্যক্ষ প্রভাবে বেশ কিছু এলাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। অনেক রুটে ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করে এবং কিছু ট্রেন ধীরগতিতে চালাতে বাধ্য হন চালকরা। পাশাপাশি তোবু রেলওয়ের কয়েকটি এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
এদিকে স্বস্তির বিষয় হলো, ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি বিবেচনায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে এবং সাধারণ জনগণকে নিয়মিত হালনাগাদ তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে যে, আগামী এক সপ্তাহ—বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে একই মাত্রার বা এর কাছাকাছি শক্তিশালী ধাক্কা বা আফটারশকের ঝুঁকি রয়েছে। তাই দেশের বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মধ্য ও উত্তর-পূর্ব জাপানজুড়ে এই ভূমিকম্পের ঝাঁকুনি বিস্তৃতভাবে অনুভূত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











