আন্তর্জাতিক সহায়তা হ্রাসে সোমালিয়ায় শিশু অপুষ্টি চরমে: ইউনিসেফ

২২ আগস্ট ২০২৬ - ১৫:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আন্তর্জাতিক সহায়তা হ্রাসে সোমালিয়ায় শিশু অপুষ্টি চরমে: ইউনিসেফ
ছবি ভিডিও থেকে সংগৃহীত

আন্তর্জাতিক ত্রাণ ও সহায়তা কমে যাওয়ার কারণে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় চরম অপুষ্টির শিকার শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সহায়তা হ্রাসের জেরে দেশটিতে ২০০টিরও বেশি স্বাস্থ্য ও পুষ্টিসেবা কেন্দ্র বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

​জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গত শুক্রবার জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গুরুতর তীব্র অপুষ্টি ও স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটিতে প্রায় ১৯ লাখ শিশু অপুষ্টির শিকার হতে পারে।

​জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে নাইরোবি থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, "সোমালিয়ায় বর্তমানে সহায়তা হ্রাসের কারণে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এতে বিশুদ্ধ পানি, শিক্ষা ও শিশুদের সুরক্ষা ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে।" তিনি আরও সতর্ক করেন যে, তহবিলের অভাব যদি আরও তীব্র হয়, তবে দেশজুড়ে প্রায় ৬১৮টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

​এদিকে, ভয়াবহ খরার কারণে সোমালিয়ায় গবাদি পশু মারা যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে এবং মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। ত্রাণ সংস্থাগুলোর মতে, গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে খরায় অন্তত পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে থেকেই আরও প্রায় ৩৩ লাখ মানুষ গৃহহীন অবস্থায় দিন পার করছিল। বর্তমানে সোমালিয়ার ১ কোটি ৯০ লাখ জনসংখ্যার এক-তৃতীয়াংশই চরম খাদ্য সংকটের মুখে রয়েছে।

​ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) চলতি মাসের শুরুতে জানায়, সোমালিয়ার কিছু অংশে তীব্র অপুষ্টি মোকাবেলায় আন্তর্জাতিক তহবিল এই বছর ৮০ শতাংশেরও বেশি কমেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সহায়তা কমিয়ে দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমনকি, দুর্নীতি ও ত্রাণ সরানোর অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র এ বছর তাদের ঘোষিত ২০০ কোটি ডলারের বৈশ্বিক মানবিক সহায়তা তহবিল থেকেও সোমালিয়াকে বাদ দিয়েছে।

​ইউনিসেফ বলছে, সহায়তা হ্রাসের এই ধাক্কা চলমান খরার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। গ্রাম ও চারণভূমি অঞ্চলগুলোতে পানির দাম অন্তত চারগুণ বেড়ে যাওয়ায় বিশুদ্ধ পানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সুত্র : আল-জাজিরা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0