সিঙ্গাপুর থেকে ১৮৫০ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার
দেশে গ্যাসের ঘাটতি মেটাতে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক প্রক্রিয়ায় এই এলএনজি কিনতে মোট খরচ ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ওই সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে সরবরাহের জন্য মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব উত্থাপন করেছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৩-২৪ আগস্ট ৪০তম, ২৬-২৭ আগস্ট ৪১তম, ২৯-৩০ আগস্ট ৪৩তম, ১-২ সেপ্টেম্বর ৪৪তম এবং ৪-৫ সেপ্টেম্বর ৪৫তম কার্গো সরবরাহের কথা ছিল। তবে প্রস্তাব বিস্তারিত পর্যালোচনার পর আপাতত দুটি কার্গো ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী ২৩-২৪ আগস্ট প্রথম কার্গো এলএনজি দেশে পৌঁছাবে। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১.৮৭৮ মার্কিন ডলার, যার ফলে সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় কার্গোটি আসবে আগামী ৪-৫ সেপ্টেম্বর। প্রতি এমএমবিটিইউ ২১.৭৭৮ মার্কিন ডলার হিসেবে এই কার্গোটির পেছনে খরচ হবে ৯২৩ কোটি ২৬ লাখ টাকা।
সরকারি ক্রয়বিধি (পিপিআর), ২০০৮ সহ প্রচলিত সকল আইন ও নিয়ম মেনে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্রতিযোগিতামূলক মূল্যে এই ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমদানিকৃত এই এলএনজি পরবর্তীতে পুনঃগ্যাসীকরণ প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নেটওয়ার্কে যুক্ত করা হবে, যা বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার জ্বালানি সংকট কমাতে সহায়তা করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











